অগ্নিকাণ্ড, ভূমিধস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের জরুরি বাহিনীকে সহযোগিতার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাঠকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানীর অর্কিড ব্লু হোটেলে ২৫ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে শেষ হয় ‘দুর্যোগে সাড়াদান ও জরুরি উদ্ধার কার্যক্রম’ শীর্ষক ভিন্ন ধরনের এই প্রশিক্ষণ।
প্রশিক্ষণার্থীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে জরুরি অনুসন্ধান ও উদ্ধার কাজে সহযোগিতা করবেন এবং দুর্যোগে আহত জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন। পাশাপাশি তারা বাংলাদেশ সরকারের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় যেসব স্বেচ্ছাসেবক কাজ করবেন তাদেরও প্রয়োজনীয় পরামর্শ দেবেন।