তারেক রহমানকে নিয়ে করা প্রতিবেদনের প্রতিবাদ ছাত্রদলের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই প্রতিবাদ জানান।

প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তারা বলেন, কুচক্রী মহলের উদ্দেশ্য হলো আওয়ামী লীগ সরকারের তোষামোদি করে উচ্ছিষ্ট হাড্ডি প্রাপ্তির লালসা।

‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’- শিরোনামের ওই প্রতিবেদনে ছাত্রদলের বহিষ্কৃত ১২ নেতার বিষয়টিও উল্লেখ করা হয়।

ছাত্রদল নেতৃদ্বয় বলেন, প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন মনগড়া মিথ্যার বেসাতি ও গোয়েবলসীয় বিস্তৃত প্রোপাগান্ডা ছাড়ানোর মাধ্যমে কুচক্রীদের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের দোসর আওয়ামী লীগ সরকারের তোষামোদি করে উচ্ছিষ্ট হাড্ডি প্রাপ্তির লালসা এবং তারেক রহমানের অনবদ্য নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেদক এসব গোয়েবলসীয় প্রকারান্তরে কাদের-হাসানীয় ষড়যন্ত্র তথ্য পরিবেশন করে নিজেকে মূলত হলুদ সাংবাদিক হিসেবে উপস্থাপন করাসহ সাংবাদিকতা পেশাকে হেয়প্রতিপন্ন করেছেন।