চাশিল্পে নিম্নতম মজুরির খসড়া গেজেট সংশোধনের দাবি

নিম্নতম মজুরি বোর্ডের ঘোষিত গেজেটে চাশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের স্বার্থপরিপন্থী কতিপয় ধারার আপত্তি জানিয়ে তা সংশোধিত আকারে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার শ্রীমঙ্গল শহরের গুহ রোডে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. মাহবুব রেজা বলেন, বাংলাদেশি চা সংসদের সঙ্গে দর-কষাকষি করে দুই বছর পরপর চা শ্রমিক-কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়। ১৯৫৩ সাল থেকে এ রীতি চলে আসছে। ১৩ জুন নিম্নতম মজুরি বোর্ড চাশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের মজুরিসংক্রান্ত একটি খসড়া গেজেট প্রকাশ করে। সেখানে মালিক পক্ষের সঙ্গে চা-শ্রমিকদের চুক্তিনামার মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়। এ ছাড়া গত বছর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশি চা সংসদ শ্রমিকদের বেতন ২০১৮ সালের বেতন থেকে ২০১৯-২০ সালের মেয়াদে ৩৮.৪৩ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই আলোকে আমরা বেতনকাঠামো বৃদ্ধির আবেদন করি। কিন্তু মজুরি বোর্ড তা আমলে না নিয়ে চা সংসদের সম্পাদিত চুক্তিনামায় বেতনকাঠামোর হুবহু ঠিক রেখে গেজেট প্রকাশ করেছে।