জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি ও বিপণনের অভিযোগে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। একই সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের ‘সি’ ব্লকের মাতুয়াইল দক্ষিণপাড়া কলেজ রোডের ‘জননী হাউজ’ নামে জনৈক শাহ আলমের বাসার নিচতলায় জাল স্ট্যাম্প ও কোর্ট ফি প্রস্তুতকারী ছাপাখানা সিলগালা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল।
গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, এ চক্রের প্রধান আবু ইউসুফ। তার সহযোগী আতিয়ার, নাসির ও সোহেলদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।