করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে ঢাকাসহ সারা দেশে। সেই শঙ্কার মাঝেই আজ দীর্ঘ ৪৫ দিন বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের ১৭তম রাউন্ডের খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস আজ মুখোমুখি হবে রহমতগঞ্জের।
গত ১১ মে সাইফ-মোহামেডান ম্যাচ শেষে দীর্ঘ বিরতিতে গিয়েছিল লিগ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাই ও বাতিল হওয়া এএফসি কাপের জন্যই লিগে বড় বিরতি দেওয়া হয়েছিল। লকডাউনের কারণে আপাতত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে সব ম্যাচ। আগামীকাল দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে।
পয়েন্ট টেবিলে চোখ রাখলে স্পষ্ট হয় বসুন্ধরা কিংসের দুর্দম্য গতিতে এগিয়ে চলা। ১৫ ম্যাচে এখন পর্যন্ত তিক্ত স্বাদ পায়নি কিংস। ১৪ জয় ও ১ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে। কিংসের নিকটতম দু’দল আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানম-ি ক্লাব। ১৫ ম্যাচ থেকে দু’দলেরই সংগ্রহ সমান ৩২ পয়েন্ট। অর্থাৎ কিংস এগিয়ে আছে পরিষ্কার ১১ পয়েন্টের ব্যবধানে। লিগ টেবিলের চার ও পাঁচে আছে যথাক্রমে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান। দু’দলেরই সংগ্রহ সমান ২৮ পয়েন্ট। ২৬ পয়েন্ট করে যথাক্রমে ছয় ও সাতে আছে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল। গাণিতিক হিসাবে এই চার দলেরও আছে শিরোপা জয়ের সম্ভাবনা। তবে সেটা বাস্তবিক বিচারে প্রায় অসম্ভব। টেবিলের মাঝামাঝি অবস্থানে আছে পুলিশ এফসি। ১৬ পয়েন্টে তারা আছে আটে। ২ পয়েন্ট কম নিয়ে নয়ে অবস্থান রহমতগঞ্জের। দশে থাকা উত্তর বারিধারা ১২ পয়েন্ট নিয়ে আপাতত ঝুঁকিমুক্ত। তবে মুক্তিযোদ্ধা ১০ পয়েন্ট নিয়ে মোটেও নিরাপদ নয়। ৫ পয়েন্ট করে নিয়ে ১২ এবং ১৩-তে থাকা ব্রাদার্স ও আরামবাগ যেকোনো সময় পেছনে ফেলতে পারে মুক্তিযোদ্ধাকে।