টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ মো ফারাহ

উসাইন বোল্টের মতো তিনিও অলিম্পিক গ্রেট। ৫ হাজার ও ১০ হাজার মিটারের অপ্রতিরোধ্য মো ফারাহ। কিন্তু সেই ফারাহকেই এবার দেখা যাবে না টোকিও অলিম্পিকে। বাছাই পর্ব পেরিয়ে অলিম্পিকের টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন তিনি।

ফারাহ ৫ হাজার মিটারে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন আগেই। এ বার ১০ হাজার মিটারেও নিরাশ করলেন। বার্মিংহামে অলিম্পিকের বাছাই পর্বের পর ম্যানচেস্টারের অলিম্পিক বাছাই পর্বেও ব্যর্থ ফারাহ।

টোকিওর টিকিট নিশ্চিত করতে ম্যানচেস্টারে তাকে জিততেই হত। কিন্তু চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শুক্রবার ১০ হাজার মিটার অতিক্রমে সময় নিলেন ২৭ মিনিট ৪৭ সেকেন্ড। অলিম্পিকের যোগ্যতার জন্য দৌড় শেষ করতে হতো ২৭ মিনিট ২৮ সেকেন্ড।

৩৮ বছর বয়সী ফারাহ ২০১২ লন্ডন এবং ২০১৬ রিও অলিম্পিকে ৫ হাজার মিটার ও ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন।

অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ফারাহ। ৫ হাজার ও ১০ হাজার মিটারে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইঙ্গিত দিলেন অবসরের।

ফারাহ বলেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারের জন্য নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। এটা একটা কঠিন প্রতিযোগিতা ছিল। তবে আজকের হারটা আমার কাছে খুবই হতাশাজনক। এই মুহূর্তে কী বলব বুঝতে পারছি না। তবে সেরাদের সঙ্গে টেক্কা দিয়ে এগোতে না পারলে আমি শুধুমাত্র অংশ নেওয়া জন্য কোনো প্রতিযোগিতায় নামতে চাই না।’