জাহানারা ইমাম স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন

শহীদ জননী জাহানারা ইমাম এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শহীদ জননী জাহানারা ইমাম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন। তার আন্দোলন ও সংগ্রামের কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি।

ভাস্কর শিল্পী রাশা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন স্বাধীনতা বিরোধীদের আতঙ্ক। ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আন্দোলনে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। শহীদ জননীর নেতৃত্বে আমরা রাজাকারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। তার স্বামী এবং সন্তানকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন। শহীদ জননীর স্বপ্ন ও আদর্শ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা বিরোধী হেফাজত-জামাত অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে শহীদ জননীর অসামান্য অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন শহীদ জননী প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন। শহীদ জননী আমাদের আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক।