করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা গ্রহণ স্থগিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়ে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার দাবি ওঠে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার প্রত্যেক বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাসের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে দেয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
রবিবার থেকে ৮টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাস দিনের বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমান।
এছাড়া অনলাইন পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ও হল ফি মওকুফ এর দাবি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।