আ.লীগ সভাপতিকে ক্ষমা চাইতে মুক্তিযোদ্ধার নোটিস

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটূক্তি করায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাকে ক্ষমা চাওয়ার জন্য মুক্তিযোদ্ধার পক্ষ থেকে উকিল নোটিস দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে এ তথ্য  দেন মুক্তিযোদ্ধা মো. শাজাহান হাওলাদার।

তিনি বলেন, ‘সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাবা স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, যা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের জন্য বেমানান। তাই জেলা আওয়ামী লীগের সভাপতিকে ক্ষমা চাইতে হবে। আমরা উকিল নোটিস পাঠিয়েছি, এই নোটিসের ক্ষমা চেয়ে সঠিক উত্তর না দিলে তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব।’