করোনা চিকিৎসার ব্যবস্থা ও প্রস্তুতি বিষয়ে জানতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবু মেডিক্যাল বিশ্ববিদ্যালের উপাচার্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জাসদ সভাপতি এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ তাদের স্বাগত জানান।
হাসানুল হক ইনু করোনা চিকিৎসায় যুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, নীতিমালা সংশোধন করে সরকারি-বেসরকারি নির্বিশেষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। করোনার আপতকালীন ঝুঁকি মোকাবেলায় হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় বাড়তি থোক বরাদ্দ ও বিশেষ আর্থিক ক্ষমতা প্রদান করতে হবে। যে হাসপাতালে যে ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তাই দিতে হবে, অপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া বন্ধ করতে হবে। কেনাকাটার বরাদ্দ বছর শেষে মে-জুন মাসে দেওয়ার পুরান আমলাতান্ত্রিক ধারা থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, চিকিৎসকদের আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি ঝুঁকি ভাতাও প্রদানের বিষয়টি বিবেচনায় নিতে হবে।
হাসানুল হক ইনু শূণ্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে ট্রেনিংয়ে ব্যবস্থা করার আহ্বান জানান।
তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার অগ্রীম প্রস্তুতি নিতে হবে। টিকা সংগ্রহের জন্য বিশেষ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং দেশে দ্রুত টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাসদ নেতৃবৃন্দ উপাচার্যের কাছ থেকে করোনা চিকিৎসায় তাদের হাসপাতালের অভিজ্ঞতা, সমস্যা, সংকট, চাহিদার বিষয়গুলো জানার চেষ্টা করেন।
উপাচার্য ও চিকিৎসকরা বলেন, মানুষ যেন সংক্রমিত এবং সংক্রমিত হয়ে হাসপাতালে আসতে না হয় তার জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই মিলে একটু সচেতন হলে, মাস্ক ব্যবহার করলে, সাবান দিয়ে হাত ধুলে, সামাজিক দূরত্ব বজায় রাখলে, জনসমাগম এড়িয়ে চললে এবং একান্ত বাধ্য না হলে ভ্রমণ এড়িয়ে চললে সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।
এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হুসাইন, প্রক্টর প্রফেসর মো. হাবিবুর রহমান, আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. আখতারুজ্জামান, বায়ো কেমিস্ট্রি অনুষদের ডিন অধ্যাপক ডা. সালেহ আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোরল, অধ্যাপক ডা. মাসুদা বেগম ছাড়াও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সহ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।