২৫ দিন ধরে তিন তরুণের নিখোঁজ থাকার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার তিন তরুণ ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, গত ২ জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

নিখোঁজ তিনজন হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী গ্রামের বাসিন্দা মো. নোমান, মো. নাছিম ও বগুড়ার শহিদুল ইসলাম। নোমান পেশায় ব্যবসায়ী। নাছিম মাদ্রাসাছাত্র এবং শহিদুল একটি মসজিদের ইমাম।

ভুক্তভোগী তিনজনের পরিবারের সদস্যরা রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নোমানের বাবা সরোয়ার হোসেন দাবি করেন, নোমান আড়াইহাজারের বান্টি বাজারে গার্মেন্টস ব্যবসা করেন। ২ জুন নোমান মোটরসাইকেলে করে দোকানের উদ্দেশে বাসা থেকে রওনা হন। সকাল ১০টা ৫৩ মিনিটে বাজারে পৌঁছালে অজ্ঞাতনামা সাত থেকে আটজন লোক নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করেন। একই সময় সেখানে থাকা নাছিম ও শহিদুলকেও তারা জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান।

সরোয়ার হোসেন জানান, পরে তিনিসহ নিখোঁজ তিন পরিবারের সদস্যদের নিয়ে আড়াইহাজার থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। তবে কোনো সংস্থা তার ছেলেসহ অন্যদের আটক বা গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।

তিনি বলেন, নোমানসহ তিনজনের সন্ধান চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, আড়াইহাজার থানা ও র‍্যাব-১১–এর অধিনায়ক বরাবর আবেদন করা হয়েছে

মাদ্রাসাছাত্র নাছিমের বাবা সিরাজ মিয়া দাবি করেন, ২৫ দিন ধরে ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সব চেষ্টাই করছেন।

ইমাম শহিদুলের স্ত্রী লাবণী আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, তার স্বামী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে স্বামীর মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন।