ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুই এবং করোনার উপসর্গ নিয়ে আটজনসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও ধোবাউড়ার আইরিন বেগম (১৪)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মৃত্যুবরণ করেন এবং এদের মধ্যে ফিরোজা বেগম নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আইরিন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি জানান, এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো আটজনের। তারা হলেন টাঙ্গাইলের গোপালপুরের সাহাদাত (৫২), ময়মনসিংহের গৌরীপুরের জামেলা খাতুন (৫৫), শেরপুরের নুরুল হক (৭০), টাঙ্গাইলের নজরুল ইসলাম (৫৫), ময়মনসিংহ মুক্তাগাছার হাবিবুর (৮৫), ময়মনসিংহ সদরের শাহিনা (৩৮) ও ভাবখালির জামেলা (৭৫) এবং শেরপুরের রানী (৫০)।

তিনি আরো জানান, রবিবার (২৭জুন) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে রোগী ভর্তি রয়েছে ১৮৮ জন এবং ১৩ শয্যার আইসিইউ বেডে রোগী ভর্তি রয়েছে ১২ জন।

গত দুই সপ্তাহ ধরে জেলায় আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। সংক্রমণের মাত্রা ছিল ২৭ দশমিক ৬২ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ এলাকায় ২৫ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসন আরোপিত বিধিনিষেধ চলমান রয়েছে।