করোনাকালে কাজ হারিয়েছেন দেড় কোটি শ্রমজীবী

করোনাকালে দেশে দেড় কোটির বেশি শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন বলে ‘বিলস লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টার’ নামের একটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য তুলে ধরে। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দেশে ৪০ লাখ নির্মাণশ্রমিক, কয়েক লাখ কমিউনিটি সেন্টার, ডেকোরেটর হলের শ্রমিক গত দেড় বছর কর্মহীন। মাসের পর মাস হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় ১০ লাখ শ্রমিক কর্মচ্যুত। কভিডের কারণে আন্দোলন না থাকায় এই সুযোগে মালিকপক্ষ পাওনা না দিয়েই কারখানা থেকে বের করে দিচ্ছেন শ্রমিকদের।