কালিয়াকৈরে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জিডি

গাজীপুরে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার ও সাধারণ সম্পাদক আরিফ হোসনসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রবিবার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলার মৌচাক ভান্নারা এলাকার আলিব কম্পোজিট লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জন্য হুমকি দেওয়ায় কারখানার ম্যানেজার (অ্যাডমিন) মো. বুলবুল হোসেন তাদের বিরুদ্ধে জিডি করেন। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মো. আবুল কালাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।

বুলবুল হোসেন জানান, কয়েক মাস যাবৎ রুবেল ও আরিফ ঝুট ব্যবসা তাদের নিয়ন্ত্রণে দেওয়ার দাবি করে আসছেন। ২৬ জুন বিকেলে তাদের কারখানার ঝুট বিক্রি করা হয়েছে। এ সময় রুবেল ও আরিফের নেতৃত্বে একদল যুবক কারখানায় এসে ঝুট তাদের দেওয়ার দাবি করে। কিন্তু আগেই অন্যদের কাছে ঝুট বিক্রি করা হয়েছিল। ঝুট না পেয়ে রুবেল ও আরিফের নেতৃত্বে যুবকরা কারখানার কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ করেন। কারখানার বাইরে গেলে শারীরিকভাবে ক্ষতি করার হুমকি-ধমকি দেন।