মগবাজার বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বিভিন্ন সংস্থা

রাজধানীর মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকারের বিভিন্ন সংস্থা।

সোমবার সকাল থেকে তদন্তকাজে যোগ দেয় সরকারি একাধিক সংস্থার লোকজন।

বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রবিবার রাতে গঠিত ওই তদন্ত কমিটি সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন জানিয়েছেন।

পাঁচ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র একটি দলকেও বিস্ফোরণ স্থলে আলামত সংগ্রহ করত দেখা গেছে।

এছাড়া সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, পুলিশও বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখবে।

রবিবার সন্ধ্যার সময় ওই বিস্ফোরণে তিনতলা একটি ভবন ধসে পড়ে। আশপাশের ভবন ও যানবাহনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। তিনজনের অবস্থা সংকটাপন্ন।

এখন পর্যন্ত ভয়াবহ এই বিস্ফোরণের কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে গ্যাস লাইনের লিকেজ থেকে জমা হওয়া গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।