ব্যর্থ সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে করোনা মোকাবিলার নামে লকডাউনকে খেলায় পরিণত করেছে বলে মনে করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
দলটি বলেছে, করোনা মোকাবিলায় কঠোর লকডাউনের আগে বেকার, কর্মহীন, নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য খাদ্যের নিশ্চয়তা দিতে হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব বলেন।
তারা বলেন, এ পর্যন্ত সরকার যতবারই লকডাউন ঘোষণা করেছে, তা ব্যর্থ হয়েছে। আর এখন লকডাউন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিতা না থাকার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। গরিব সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণির মানুষের খাদ্যের ব্যবস্থা না করে, শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না।
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবং নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করতে না পারায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এলডিপির নেতারা বলেন, প্রায় দেড় বছরে দেশ ও বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এখনকার মতো বড় সংকটে পড়তে হতো না। সময়মতো ভ্যাকসিন সংগ্রহ করে দেশের অধিকাংশ মানুষকে দিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত। সীমান্তবর্তী এলাকা ও গ্রামে-গঞ্জে করোনা ছড়িয়ে পড়া খুবই উদ্বেগজনক। সরকার সাধারণ মানুষকে আস্থায় নিয়ে সচেতন করতে ব্যর্থ হয়েছে। শুধু আইন দিয়ে এ অবস্থার পরিবর্তন করা যায় না। তাই শুরু থেকে আমরা এই দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বললেও সরকার ‘সব ঠিক আছে’ বলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে নাই।
এলডিপি নেতারা কঠোর আইন প্রয়োগের আগে সংকট মোকাবিলায় স্থানীয়ভাবে দল-মত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানুষের খাদ্য ও চিকিৎসা নিশ্চয়তা দেওয়া, সর্বত্র পর্যাপ্ত করোনা পরীক্ষা, আইসোলেশন সুবিধা এবং মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।