খালেদ মাহমুদ সুজন ও আকরাম খান, দুজনেই আছেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুই পদে। প্রথমজন গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান, দ্বিতীয়জনের দায়িত্ব ক্রিকেট অপারেশন্স কমিটির। তবে ক্রিকেটারদের সঙ্গে সখ্যটা যেন সুজনেরই বেশি। সাবেক এই অলরাউন্ডার মাঠে নিজের উপস্থিতিকেই এর কারণ হিসেবে দেখছেন।
পক্ষান্তরে আকরাম খান বড় পদে থাকলেও মাঠের উপস্থিতি তার খুব কম। সুজন জানালেন, আকরামের অন্য ব্যবসার কারণে মাঠে আসারই সময় পান না, যে কারণে ক্রিকেটাররাও পান না আকরামের দেখা। ‘আকরাম ভাই কখন বোর্ডে এলেন, কখন গেলেন... সবসময় যে আসেন, সেটাও কিন্তু না। তিনি ব্যস্ত থাকেন, ব্যবসা আছে ওনার, এরপরও চেষ্টা করেন বিসিবিতে সময় দেওয়ার। সে কারণেই ক্রিকেটাররা দেখা পান না তার’ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপে সুজন জানান বিষয়টি।
অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয়ের পর সুজনের কাজের প্রশংসা শোনা যায় অনেক। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি নিয়ে সমালোচনা ছিল সবসময়। ওই কমিটিরও ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কিন্তু তিনি বলছেন, এই কমিটির কোনো মিটিংয়েই ডাকা হয় না তাকে। ‘আমি এখনো অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কি না এটাই নিশ্চিত নই। নামে আছি, কিন্তু আমার কোনো মিটিংয়ে থাকা হয় না বা আমাকে ডাকাও হয় না। মাঝখানে দুই বছর ই-মেইলই পাইনি। এখন তাও মাঝেমাঝে পাই।’ নতুন স্পিন বোলিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে দুজনকে নিয়োগের ব্যাপারে সুজন জানান, অপারেশন্সের ভাইস চেয়ারম্যান হয়েও এই প্রসঙ্গে কিছুই জানতেন না তিনি।