বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ করা হয়েছে নতুন দুই সদস্যকে। ক’দিন আগেই ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্স ও স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাথকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সংস্থার অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজনের দাবি, কোচ নিয়োগের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। তিনি বিষয়টি জেনেছেন সংবাদমাধ্যমে।
আকরাম খানের নেতৃত্বাধীন ক্রিকেটে অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান সুজন। তাই নতুন কোচ নিয়োগের বিষয়ে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা। কিন্তু সুজন বলছেন, এই কমিটির কোনো মিটিংয়েই নাকি তাকে ডাকা হয় না।
‘আমি আসলে ভাইস চেয়ারম্যান আছি কি-না অপারেশন্সে, সেটা আমি নিশ্চিত না। কোনো মিটিংয়ে এটেন্ড করা হয় না বা কোনো সময় ডাকাও হয়না। মাঝে তো দুই বছর ই-মেইলই পাইনি। এখন কিছু কিছু পাই…।’- সংবাদমাধ্যমকে বলেন সুজন।
অনেক দিন ধরেই বিসিবিতে রয়েছেন সুজন। গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানও তিনি। দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়কই এবার সমালোচনায় মুখর বিসিবির সাবেক পরিচালকের, যিনিও কি-না একজন সাবেক অধিনায়ক।
আকরাম খানের কমিটির সমালোচনা করে সুজন আরো বলেন, ‘আমিতো ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান। আমি আপনাদের কাছ থেকে জানতে পারলাম এই দুটো লোককে (প্রিন্স ও হেরাথ) নিয়োগ করা হয়েছে।’
সুজন অবশ্য সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন। তাই বায়ো-বাবলে থাকতে হয়েছে তাকে। তবে সুজন এটিকে অজুহাত মানতে চান না, ‘আমাকে কেউ শেয়ার করেনি, হয়তো আমি বাবলে ছিলাম বলে। বাবলে অবশ্য ফোন ছিল, আমাকে হয়তো জানানো হয়নি।’