শ্বশুরবাড়ি থেকে আম কাঁঠাল কম দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত

ফেনীর পরশুরামে শ্বশুরবাড়ি থেকে মৌসুমি ফল আম-কাঁঠাল কম দেওয়ায় স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বামী ইয়াকুব আলী। এ সময় ইট দিয়ে স্ত্রী ফারজানার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয় ইয়াকুব। পরে স্থানীয়রা ফারজানাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত রবিবার রাতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াকুব সাতকুচিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

ফারজানা অভিযোগ করেন, তার স্বামী একজন নেশাগ্রস্ত, রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে তার বাপের বাড়ি থেকে আম-কাঁঠাল কম পাঠানোর অভিযোগে তাকে লোহার রড ও ইট দিয়ে মেরে গুরুতর আহত করে। অভিযুক্ত ইয়াকুব ও তার বাবা আবুল কাশেমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।