সীতাকুন্ডে তালাকের নোটিস পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্ত্রী পেয়ারু বেগম (৩৫)। গত রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী উমর শরীফ (৪৫)। পরে স্থানীয়রা পেয়ারুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করেছে স্ত্রীর বড় ভাই মফিজুর রহমান। এদিকে রবিবার রাতেই বিষ পান করে ও পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী উমর শরীফ। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, আট বছর আগে উমর শরীফের সঙ্গে পেয়ারুর বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। কয়েক দিন আগে সংসার করবেন না জানিয়ে স্বামীকে তালাকের নোটিস পাঠান পেয়ারু। এতে ক্ষুব্ধ হয়ে গত রবিবার দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান উমর। ঘটনার দিন রাতে বিষ পান করার পর পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা চালান। সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পুলিশ পাহারায় উমরের চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।