বাংলাদেশ বিমানবাহিনীর ৭৮তম বাফা কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল সোমবার যশোরে বিমানবাহিনী অ্যাকাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং ক্যাডেটদের মাঝে পদক, সনদপত্র এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
আইএসপিআর জানায়, অফিসার ক্যাডেট মির্জা হাম্মাদ বিন শিহাব ৭৮তম বাফা কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং অফিসার ক্যাডেট মো. সাকিব এহসান উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ লাভ করেন। অফিসার ক্যাডেট অ্যাকাডেমি আন্ডার অফিসার মির্জা হাম্মাদ বিন শিহাব আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজ শেষে বিমানবাহিনীর বিভিন্ন ধরনের বিমানের সমন্বয়ে আকর্ষণীয় ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধান অতিথি বিমানবাহিনী অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম ও বিমানবাহিনী অ্যাকাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক তাকে স্বাগত জানান।