নগর আদালত প্রতিষ্ঠা করার দাবি যৌক্তিক : তাজুল

গ্রাম আদালতের ন্যায় নগর আদালত প্রতিষ্ঠার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল ‘নগর আদালত আইন : প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসডিজি বাস্তবায়েনে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এবং নাগরিক উদ্যোগ এই ভার্চুয়াল সংলাপের আয়োজন করে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গ্রামের মতো নগর বা শহরেও গরিব-দুঃখী অসহায় মানুষ বসবাস করেন। ক্ষুদ্র-ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য তাদের আদালতের শরণাপন্ন হতে হয়। তাই সিটি করপোরেশনে বসবাসরত নাগরিকদের জন্য নগর আদালত আইন বা অন্য কোনো নামে আদালত প্রতিষ্ঠিত হলে নাগরিকরা দ্রুত বিচার পাবেন এবং উপকৃত হবেন।