কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে ফাটল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর আগে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন তিন তলা ভবনটির বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ছোট বড় শতাধিক ফাটল।

এছাড়াও পুরাতন দুতলা ভবনের সংস্কার কাজ করার পরও বিভিন্ন স্থানে ছাদের প্লাস্টার খসে পড়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন ডাক্তার, নার্সসহ আগত রোগীরা।

জানা যায়, ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ কোটি ৩২ লাখ ৬ হাজার ৭০১ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেরর (এইচইডি) বাস্তবায়িত নতুন নির্মিত ৩ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২০১৫ সালে।

ঢাকার মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ এন্ড এসসি ঠিকাদারি প্রতিষ্ঠান এ নতুন ভবনটির কাজ বাস্তবায়ন করে। কাজটি সমাপ্তের পর ২০১৮ সালের ১০ মার্চ উদ্বোধন করা হয়। এছাড়াও পুরাতন ভবনে ৮০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজও বাস্তবায়ন করে একই ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বেশ কয়েকটি স্থানে ছোট বড় শতাধিক ফাটল দেখা দিয়েছে। ভবনের পিলার, ভিম, ওয়াল ও ফ্লোরের টাইলসসহ প্রায় শতাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে।

এছাড়াও পুরাতন ভবনে যে সংস্কার কাজ করা হয়েছিল তাও নামমাত্র। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ, পরিসংখ্যান কর্মকর্তার কক্ষ, জরুরি বিভাগ ও রোগীদের চিকিৎসার ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়েছে।

আগত রোগীরা জানান, হঠাৎ করে ছাদের প্লাস্টার খসে পড়তে পারে এমন আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। সিলেট বিভাগ উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ার কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মাহবুবুল আলম ভূঁইয়া জানান, যে সময় ভবনে কাজ হয়েছিল তখন তিনি এখানে কমর্রত ছিলেন না। ভবনের ফাটলে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন বলেন, নতুন ভবনের ফাটলের বিষয়টি অবগত হয়েছি। শিগগিরই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ফাটল ও ঝুঁকিপূর্ণ ওয়াল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব বিষয়ে মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নতুন ভবনের ফাটলের বিষয়টি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।