রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসাবশেষ থেকে সিকিউরিটি গার্ড মো. হারুনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মগবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন দুর্ঘটনাকবলিত ৩তলা ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধনের নেতৃত্বে সেখানে উদ্ধারকর্মীরা সোমবার এই উদ্ধার অভিযান চালায়। হারুনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার পর থেকেই সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিয়মিত মনিটরিং ও অনুসন্ধান চালিয়ে আসছিলেন।
ভয়াবহ ওই বিস্ফোরণে নিহত বেড়ে আটজন হলো। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। চিকিৎসাধীন আটজনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
বিস্ফোরণে পাশের তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ ভেঙে গেছে। দুমড়ে-মুচড়ে যায় রাস্তায় থাকা তিনটি বাস।
কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। ‘জমে থাকা’ গ্যাস থেকে এমনটি হতে পারে ধারণা করা হলেও বিস্ফোরণের ভয়াবহতার কারণে এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে।