ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ কমপ্লায়েন্স মেনে কাজ না করায় জলাবদ্ধতাসহ বিভিন্ন ধরনের জনভোগান্তির সৃষ্টি করেছে।’
মঙ্গলবার রাজধানীর মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া ও রোকেয়া সরণিতে মেট্রোরেল প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করে নাই। কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ তা না করার কারণেই আশপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানাবিধ সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাস্তা ও ড্রেনে জমে থাকা বিভিন্ন নির্মাণ সামগ্রীর ২৩৭ বস্তা উচ্ছিষ্ঠাংশ ডিএনসিসির পক্ষ থেকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে এবং অত্যাধুনিক জেট অ্যান্ড সাকার মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।’