ওয়ানডেতেও একই শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজে পুরোদস্তুর নাস্তানাবুদ হয়ে ওয়ানডেতে নামে শ্রীলঙ্কা। কিন্তু ফরম্যাটের সঙ্গে তাদের ভাগ্যের বদল হয়নি। ওয়ানডেতে ৫ উইকেটের হারে শুরু লঙ্কানদের। আগে ব্যাট করে অধিনায়ক কুশল পেরেরার ৭৩ ও ভানিন্দু হাসারাঙ্গার ৫৪ রানের ১৮৫ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। জবাবে জো রুটের ৮৭ বলে ৭৯ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। কুশল পেরেরা ও হাসারাঙ্গার দুটি হাফসেঞ্চুরি না থাকলে আরও হতাশাজনক অবস্থা হতো সফরকারীদের। পেরেরা-হাসারাঙ্গা চতুর্থ উইকেট জুটিতে ৯৯ রান তোলেন। ক্রিস ওকস ১০ ওভার করে মাত্র ১৮ রান দিয়েছেন, ৫ মেডেনসহ, নেন ৪ উইকেট। এ ম্যাচেই দেড়শ ওয়ানডে উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এছাড়া উইলি ৪৪ রানে নেন ৩টি। জবাবে ২১ বলে ৪৩ করা বেয়ারস্টোকে হারালে ইংল্যান্ডের রানের গতি কমে। বেয়ারস্টো ৬ ওভারে ৬০ তুলে দিয়ে যান। এরপর রুট একপ্রান্ত আগলে জয়ের কাজ সারেন।