কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় আহত প্রবাসীর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে কুদ্দুস আলী (৪৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী মারা গেছেন। হামলার ৪৩ দিন পর মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুদ্দুস আলী উপজেলার উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামে গত ১৬ মে জমির ধান কাটাকে কেন্দ্র করে শুক্কুর আলী ও মোতালেব মিয়ার লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একই গ্রামের নিহত কুদ্দুস আলীর ভাই শুকুর আলীর সাথে মোতালেব মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মোতালেব মিয়ার লোকজন শুকুর আলীর বাড়িতে হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।

হামলায় শুকুর আলীর ভাই কুদ্দুস আলীসহ ৫ জন আহত হলেও আশঙ্কাজনক অবস্থায় কুদ্দুস আলীকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুইদিন পরে সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৪৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।

হামলার পরদিন কুদ্দুস আলীর ছোট ভাই জহির মিয়া ২৫ জনের নামে মেঘনা থানায় একটি মামলা করেন।

কুদ্দুস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, গত মে মাসে ফরাজী কান্দি গ্রামের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তরা জামিনে রয়েছেন। এ ঘটনায় যেহেতু আগেই মামলা হয়েছে এখন এর সাথে নতুন ধারা যুক্ত হবে।