ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আম পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুধু মোদী-শাহ নন, মমতার উপহার গেছে রাষ্ট্রপতি ভবনেও। গেছে নয়াদিল্লীতে বিভিন্ন দলের নেতানেত্রীর বাড়িতেও।
তিন জাতের আম রয়েছে মমতার পাঠানো ডালিতে। হিমসাগর, ল্যাংড়া এবং লক্ষ্মণভোগ। প্রাপকের তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
সর্বভারতীয় বা ভিনরাজ্যের নেতানেত্রীকে মমতার পক্ষ থেকে উপহার পাঠানো অবশ্য এই প্রথম নয়। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে স্বয়ং মোদী জানিয়েছিলেন, মমতা তাকে বেশ কয়েকবার কুর্তা উপহার দিয়েছেন। মোদী দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে পুষ্পস্তবক পাঠিয়েছিলেন মমতা। তখন অবশ্য মমতা মুখ্যমন্ত্রী হননি।
শুধু মোদীই নন, সোনিয়াসহ দেশের আরও অনেক নেতানেত্রীকে মমতা নিয়মিতই শুভেচ্ছা-উপহার পাঠিয়ে থাকেন। তৃণমূল বিষয়টিকে রাজনৈতিক সৌজন্য হিসেবে দেখে।
দলের এক প্রথমসারির নেতার কথায়, ‘আমাদের নেত্রী বুঝিয়ে দিলেন, লড়াইয়ের ময়দানে জয়-পরাজয় হয়। কিন্তু রাজনৈতিক সৌজন্য শেষ হয়ে যায় না।’