জ্বর নিয়ে হাসপাতালে নাসিরুদ্দিন শাহ

বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ৭০ বছর বয়সী বিখ্যাত এই অভিনেতা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

ভারতের তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিনের ম্যানেজার সংবাদমাধ্যমটিকে বুধবার বলেন, ‘স্যারকে মঙ্গলবার হাসপাতালে নেয়া হয়। এখন উন্নতি হচ্ছে। আজকাল হয়তো ছাড়া পেয়ে যাবেন।’

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খানের মৃত্যুর পর আচমকা নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়া খবর ছড়িয়ে পড়ে। অনলাইন জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা। সেই সময় নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ বলেন, সবটাই গুজব।

নাসিরুদ্দিনের স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ অন্য একটি গণমাধ্যমকে এদিন বলেন, ‘উনি এখন বেশ ভালো আছেন। ফুসফুসে সামান্য সংক্রমণ ছিল। চিকিৎসা দেয়া হয়েছে। আশা করছি আগামীকালই বাড়ি ফিরতে পারবেন।’