শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নূর-ই-আ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং প্রথম মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যোগদানের তারিখ থেকে তা কার্যকর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে ১৭ আগস্ট উপাচার্য হিসেবে প্রথম নিয়োগ পান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। চার বছর সম্পন্ন করার পর তিনি পুনরায় নিয়োগ পেয়েছেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ফরিদ।