নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, ছামুরাই, ছুরি, চাইনিজ কুড়ালসহ প্রায় ১১০ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার কেন্দুয়া মসজিদের হেফজখানার নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউসার মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক উপজেলার ভোলাব ইউনিয়নের কড়াটিয়া এলাকার বাসিন্দা।
বুধবার রাত ৮টার দিকে জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ (এএসপি) আবির হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় (এএসপি) আবির হোসেন জানান, গত দুদিন ধরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের দুপাশে বালু ভরাটকে কেন্দ্র করে কাঞ্চনে আওয়ামী লীগ ও যুবলীগের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছিল। এসব ঘটনার জের ধরে কাঞ্চনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এএসপি আবির হোসেন ও ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার কেন্দুয়া জামে মসজিদের পাশে মসজিদের হেফজখানার নির্মাণাধীন ভবনের ছাদে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, ছামুরাই, ছুরি, চাইনিজ কুড়ালসহ ১১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউসার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করছে। এ ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।