হাবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-ই আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. কামরুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ফাইন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সেখানে ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগ দেন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

একাডেমিক দায়িত্বের পাশাপাশি ড. কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য সচিব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সহযোগী পরিচালক (গবেষণা) হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের নির্বাচিত গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ও নির্বাহী সদস্য হিসেবে একাধারে আট বছর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সহ-সভাপতি ও মহাসচিবও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. কামরুজ্জামান ২০০৯ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি হাবিপ্রবি’র ৬ষ্ঠ উপাচার্য হিসেবে প্রফেসর ড. মু. আবুল কাসেমের মেয়াদ শেষ হলে রুটিন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারকে দায়িত্ব দেওয়া হয়।

রুটিন উপাচার্য সাড়ে চার মাস দায়িত্ব পালনের পর পূর্ণাঙ্গ উপাচার্য  হিসেবে নিয়োগ পান ড. কামরুজ্জামান।