তিন মাসের বেশি সময় মেয়ে আয়রা তাহরিম খানকে নিয়ে বাংলাদেশে ছিলেন রাফিয়াৎ রশিদ মিথিলা। বুধবার সকালে কলকাতার গেছেন স্বামী পরিচালক সৃজিত মুখার্জির কাছে। শুধু সৃজিত নয়, আরও কেউ ছিল মিথিলার অপেক্ষায়!
অভিনেত্রীর ভক্ত মাত্রই জানেন, কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন তিনি। বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ রয়েছে সেখানে। ঘাসের গালিচায় রয়েছে বসার ব্যবস্থাও। সেখানে মাঝে মাঝে বন্ধু ও সহকর্মীদের নিয়ে আড্ডা দেন সৃজিত-মিথিলা।
ছাদ বাগানে নিজে অনেকটা সময় দিতেন। এতদিন পরে ফিরে মিথিলা দেখলেন, তার যত্নের গাছেরা অনেকটা বড় হয়ে গেছে। ফুল-ফল ধরেছে তাতে। সেই আনন্দ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
বাগানের কিছু ছবি শেয়ার করে মিথিলা লিখেছেন, “আমাদের আবার দেখা হলো, ওরা কতটা বড় হয়ে গেছে।”
মিথিলা একা নন। প্রকৃতির সংস্পর্শে থাকার পাঠ দেন মেয়ে আইরাকেও। এর আগে রই শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বাগানের গাছে পেঁয়াজ হয়ে রয়েছে। আর মেয়েকে তা তোলা শেখাচ্ছেন তিনি।
এবারের সফরে সিলেটের জলমগ্ন রাতারগুল বনে গিয়েছিলেন মিথিলা। সেই ভিডিও শেয়ার করেছিলেন ইউটিউবে।
সৃজিতের সঙ্গে বিয়ের পর থেকে ঢাকা-কলকাতা মিলিয়ে থাকেন মিথিলা। তবে করোনার কারণে লম্বা সময়ের জন্য বাবার বাড়ি থাকতে হয়েছে অভিনেত্রীকে।
সাম্প্রতিক সফরে মিথিলা শেষ করেছেন তার প্রথম সিনেমা ‘অমানুষ’-এর কাজ। পার্বত্য অঞ্চলে হওয়া শুটিংয়ে তার সহশিল্পী ছিলেন নীরব হোসেন। পরিচালনা করেছেন অনন্য মামুন। এ ছাড়া বেশ কয়েকটি ঈদের নাটকের অংশ নিয়েছেন তিনি।