পাকিস্তানি এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ার অভিযোগে বাংলাদেশের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।
গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ফুজাইরাহ কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্স ২৯ বছর বয়সী বাংলাদেশি যুবকের বিরুদ্ধে পাকিস্তানি নারীর স্বামীর অভিযোগের প্রমাণ পেয়েছে।
বাংলাদেশি প্রবাসীর পাশাপাশি ৩৩ বছর বয়সী পাকিস্তানি নারীকেও তিন মাসের সাজা দেয়া হয়েছে। সাজা শেষে দুজনকেই আমিরাত ছাড়তে হবে।
অভিযুক্ত নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী প্রতারণা করে বাংলাদেশির সঙ্গে সম্পর্ক গড়েন। দুজনে একটি হোটেলে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত সময় কাটান।
ওই নারীর স্বামী অন্য একটি গাড়িতে দুজনকে অনুসরণ করে হাতেনাতে ধরে ফেলেন। এরপর বাংলাদেশি যুবককে মারধর করেন।
বাংলাদেশি যুবকের ভিন্ন দাবি: অভিযুক্ত যুবক আদালতকে বলেছেন, দুজনের একটি সমস্যার বিষয়ে আলাপ করতে ওই নারীর সঙ্গে হোটেল যান তিনি। সেখানে আলাপ শেষে সমস্যা মিটিয়ে রাত ৯টার দিকে হোটেল ত্যাগ করেন। কয়েক মিনিট পর রাস্তায় নারীর স্বামী এসে তাকে কিল-ঘুষি মারতে থাকেন।
মেয়েটি বলছেন ভালোবাসার কথা: পাকিস্তানের মেয়েটি আদালতকে জানান, একটি হাসপাতালে বাংলাদেশি যুবকের সঙ্গে তার পরিচয়। সেখানে ছেলেটি কাজ করেন।
করোনা পরবর্তী জটিলতা থেকে তার স্বামী প্যারালাইজড হয়ে পড়েন। তখন হাসপাতালে যেতে-যেতে তার সঙ্গে পরিচয়। সেখান থেকে ভালোবাসা। ইতিমধ্যে তিনি স্বামীকে ডিভোর্সের জন্য আবেদন করেছেন।
দুজনের এই দাবিতে খুশি হননি বিচারক। তাদের বক্তব্যকে ‘মনগড়া’ বলেছেন।
এরপর তাদের ফেডারেল ক্রিমিনাল প্রসিডিউর কোডের ২১২ ধারায় অভিযুক্ত করা হয়।