গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের স্মৃতিতে নির্মিত 'দীপ্ত শপথ' ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোয়েন্দা-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গৌরবোজ্জ্বল আত্মত্যাগকারী দুই পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জঙ্গি হামলায় দেশি-বিদেশি নিহত নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দুর্বিষহ সেই ঘটনার পর সারাদেশে শুরু হয় বাংলাদেশ পুলিশের জঙ্গি বিরোধী কঠোর অভিযান। একই সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন করে সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। পুলিশের নিয়মিত অভিযানে স্তিমিত হয়ে পড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দেশবিরোধী কর্মকাণ্ড। জঙ্গিদের নিষ্ক্রিয় করতে জনগণকে সচেতন থাকার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে বিনীত আহ্বান জানায় অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিশ্বাস করে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষের একনিষ্ঠ যে অংশগ্রহণ ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অসাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।
০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সর্বোচ্চ দেশপ্রেম ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে বীরোচিত প্রতিরোধ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান। পুলিশের আত্মোৎসর্গকারী দুই সদস্যের স্মরণে নির্মাণ করা হয়েছে 'দীপ্ত শপথ' ভাস্কর্য।