কেন্দুয়ায় নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে কিশোর নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে রনি মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বলাইশিমূল গ্রামের রুবেল ভূঁইয়ার বিল্ডিংয়ে নির্মাণকাজের সময় এ ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের হাদিস মিয়ার ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুলবুল ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়ার বাড়িতে হেড মিস্ত্রি আল আমিনের সহকারী হিসেবে রনি মিয়া কাজ করছিলেন। বিল্ডিংয়ের ছাদে শাটারিংয়ের কাজ করার সময় দেয়ালের একটি অংশ ভেঙে তার ওপরে পড়ে। নিচে থাকা গাছের গুঁড়ি ও দেয়ালের ভাঙা অংশে চাপা পড়েন রনি মিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বলাইশিমূল ইউপির চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, রনিকে নিয়ে আল আমিন মিস্ত্রি বেশ কয়েক বছর ধরে এলাকাতেই কাজ করে আসছিল। রনি সবার পরিচিত মুখ ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।