খুমেকে পিসিআর ল্যাব বন্ধ থাকবে দুই দিন

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি পিসিআর ল্যাব জীবাণুমুক্ত করার জন্য গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে থাকা রোগীদের মধ্যে যাদের নমুনা পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ^বিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।

গত বুধবার নমুনা পরীক্ষা করতে গিয়ে ল্যাবটির ত্রুটি ধরা পড়ে। এরপর কর্তৃপক্ষ ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত নেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভাপতি এবং খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মেহেদী নেওয়াজ বলেন, ল্যাবটি বন্ধ থাকলেও আগে থেকেই মজুদ থাকা প্রায় দুই হাজার নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। গতকাল থেকে যেসব নমুনা সংগ্রহ করা হবে, সেগুলোও এ ল্যাবে এই তিন দিনে পরীক্ষার সুযোগ থাকছে না। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অবস্থান করা রোগীদের মধ্যে যাদের পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হবে।

তিনি বলেন, খুবিতে এক দিনে মাত্র ৯৪টি নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে কিট, রি-এজেন্ট নিয়ে এখানকার জনবল গিয়েই খুবির ল্যাব থেকে শুধু পরীক্ষাগুলো করিয়ে আনবে। তা না হলে রোগীর ছাড়পত্র দেওয়া যাবে না। আর করোনা হাসপাতাল থেকে রোগী ছাড়া না গেলে নতুন করে ভর্তিও করা যাবে না। বুধবার যেসব নমুনার পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য আর নতুন করে নমুনা নেওয়ার প্রয়োজন নেই। তাদের নমুনা যেহেতু রেখে দেওয়া হয়েছিল, সেহেতু পরে হয়তো ঢাকা থেকে করে আনা অথবা খুলনার ল্যাবটি পুনরায় চালু হলে পরীক্ষা করা হবে। আশা করা হচ্ছে, আগামী শনি অথবা রবিবার ল্যাবটি পুনরায় চালু হবে।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি পিসিআর ল্যাবসংশ্লিষ্টরা বলছেন, পিসিআর ল্যাবে পরীক্ষা স্বাভাবিক রাখতে হলে প্রতি মাসে অন্তত একবার করে দূষণমুক্ত করা উচিত। কিন্তু খুমেকের পিসিআর ল্যাবটি গত বছর ৭ এপ্রিল থেকে চালুর পর কখনোই এমনটি করা হয়নি। কেননা একবার দূষণমুক্ত করতে হলে অন্তত দুদিন ল্যাব বন্ধ রাখতে হয়।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, পিসিআর ল্যাব বন্ধ থাকলেও খুলনাসহ জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন পরীক্ষা যথারীতি চালু রয়েছে।