শপথ নিলেন সাংসদ আগা খান ও আবুল হাসেম

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) থেকে আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত সংসদ সদস্য আগা খান মিন্টু এবং আবুল হাসেম খান শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে এ শপথবাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি এবং হুইপ সামশুল হক চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে আগা খান মিন্টু এমপি এবং আবুল হাসেম খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।