সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের সোলাবাড়ি গ্রামে হামলার এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, গত দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য সোলাবাড়ি গ্রামের বাসিন্দা রমজান মিয়ার কাছে সাড়ে ৩ লাখ টাকা দেন কাদির। পরে ইরাকে যাওয়ার পর ৯ দিন জেল খেটে দেশে ফিরে আসেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠক করেন কাদির। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান। সরদারের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে কাদিরের ওপর হামলা চালায় রমজানের লোকজন। এতে গুরুতর আহত হন তিনি।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। আঘাতের কারণে আবদুল কাদিরের মৃত্যু হয়েছে এটি পরিষ্কার। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। আমরা অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।