কলকাতার সিনেমায় মিথিলা?

স্বামী সৃজিত মুখার্জির সিনেমায় কেন রাশিয়াথ রশীদ মিথিলা নেই— এমন প্রশ্ন ওঠেছিল সম্প্রতি। জবাবও দিয়েছিলেন এ দম্পতি। এবার শোনা যাচ্ছে, রাজর্ষি দে’র পরিচালনায় কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢাকার অভিনেত্রীর।

গত নভেম্বরে সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির শুটিং শেষ করেছেন রাজর্ষি। খবর সত্যি হলে তার আগামী ছবির বিষয় উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’।

স্থানীয় সূত্রে খবর, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় মিথিলার নাম এসেছে।

বলা হচ্ছে, টিম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র বেশির ভাগ অভিনেতা নতুন ছবিতেও অভিনয় করবেন। সেই অনুযায়ী থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

তবে এই রটনা সত্য নয় বলে জানালেন রাজর্ষি। তিনি বলেন, ‘‘পুরোটাই গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। মহামারি, লকডাউনের কারণে সেটি পিছিয়ে গেছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।”

এ ছাড়া মিথিলা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি কলকাতার পরিচালক।

এ দিকে তিন মাসের বেশি সময় ঢাকায় কাটিয়ে বুধবার কলকাতা গেছেন মিথিলা। এর আগে শেষ করেছেন অনন্য মামুনের পরিচালনায় নিজের প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’।