পিসিআর মেশিন ৫ দিন বিকল

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিন ৫ দিন বিকল হয়ে আছে। ফলে এ মেডিকেলে করোনা পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে।

নতুন পিসিআর মেশিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে মেডিকেল কলেজ কর্র্তৃপক্ষ। তবে আগস্টের আগে নতুন মেশিন স্থাপন করা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল কাদের জানান, পিসিআর মেশিনের তিনটি পার্টের মধ্যে কয়েকদিন ধরে বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লুতে সমস্যা হচ্ছিল। বিষয়টি জানানো হলে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল গত ২৭ জুন ল্যাব পরিদর্শন করে বায়োসেপ্টিক কেবিনেটর পরিবর্তনের পরামর্শ দেয়। পরের দিন সকালে নমুনা পরীক্ষা চলাকালে মেশিনটি পুরো বিকল হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এখন কোনো বায়োসেপ্টিক কেবিনেটর নেই। আগস্টের আগে এটি দেওয়া সম্ভব হবে না বলে তারা জানিয়েছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে গাজীপুর মহানগরীর কাশিমপুরের তেতুঁইবাড়ির শেখ ফজিলাতুন নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও ঢাকার মহাখালীতে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে জানান তিনি।