‘ক্রমশ সেরে উঠছি। অক্সিজেনের সাহায্য ছাড়াই সারা দিন কাটিয়ে দিলাম। এই সরকারি হাসপাতাল, চিকিৎসকবৃন্দ, সেবক সেবিকাবৃন্দ ও কর্মীদের সাহায্য ও সহৃদয়তা কোনো দিন ভুলব না। হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেই বাড়ি চলে যাবো। ফিরে যাবো বাংলা খেয়াল অনুশীলন রচনা ও শেখানোয়। সেটাই আমার বাকি জীবনের কাজ, ব্রত।’ নিজের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে ফেইসবুকে এভাবেই লিখলেন কবীর সুমন।
অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৭৩ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী।
জানা যায় সম্প্রতি গলা ব্যথায় বেশ কিছুদিন ভোগার পর অবস্থা আরও খারাপ হওয়ার গত রবিবার রাতে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তাকে নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা, ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা নেগেটিভ এলেও আরটিপিসিআর টেস্টের রিপোর্ট অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে সোমবার সেই রিপোর্টের ফলও নেগেটিভ আসে। তবে কবীর সুমনের এক্স-রে-তে শ্বাসযন্ত্রের কিছু সমস্যা ধরা পড়ে। তার সিওপিডির সমস্যা রয়েছে, সঙ্গে আছে বার্ধক্যজনিত একাধিক অসুখ। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাকে।