কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার

কুমিল্লায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক নারী পোশাকশ্রমিককে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আজাদ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই যুবককে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজাদ পেশায় একজন অটোরিকশা চালক। সে নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী। তিনি জানান, কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করে ওই কিশোরী। গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে একটি অটোরিকশায় ওঠে। পথে দিশাবন্দ-কালিকাপুর চৌমুহনী এলাকায় অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে চালক সেটি থামিয়ে দেয়। পরে কিশোরী ভাড়া দিতে গেলে চালক আজাদ তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।