গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা গ্রেপ্তার ১

কুলসুমা আক্তার নামে এক গৃহকর্মীকে গরম খুন্তি ও রডের ছ্যাঁকায় গুরুতর আহত করার অভিযোগে গৃহকর্তা মোহাম্মদ আসাদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার গভীর রাতে ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্তাকে গ্রেপ্তার করে ভাটার থানা পুলিশ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক জানান, গ্রেপ্তার মোহাম্মদ আসাদুর রহমানের বাসায় কাজ করত ভুক্তভোগী কুলসুমা। গত বছর ১২ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে গৃহকর্মী কুলসুমকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে এবং মারধর করে গুরুতর আহত করে।

এতে কুলসুম অসুস্থ হয়ে পড়লে গত ৩০ জুন সন্ধ্যায় তার বোনের বাসায় পাঠিয়ে দেয় আসাদুর রহমান। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।