একদিনে করোনায় মারা গেলেন হাবিপ্রবির দুই কর্মচারী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একইদিনে মারা গেলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পিকআপ চালক (মাস্টাররোল) মো. মঞ্জুরুল ইসলাম এবং নিরাপত্তা কর্মী আবু বক্কর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মহিউদ্দিন নূর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টায় পিকআপ চালক মো. মঞ্জুরুল ইসলাম এবং রাত সাড়ে ১০টায় নিরাপত্তা কর্মী আবু বক্কর মারা যান।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে বিশ্ববিদ্যালয়ের দু'জন কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

মঞ্জুরুল ইসলাম ও আবু বক্করের অকাল মৃত্যুতে তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।