সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও এবং ভাঙচুর করে অভিযুক্ত চিকিৎসকসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন নিহতের স্বজনরা। গত শুক্রবার রাত ৮টায় আদমজী নতুন বাজার এলাকায় আলিফ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছায়েদ আলি (৪৯)। তিনি সুমিলপাড়া এলাকার মো. সাইজুদ্দিনের ছেলে। আটক চিকিৎসকের নাম মশিউর রহমান।
নিহতের ছেলে জাহিদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বাবার বুকে ব্যথা শুরু হলে আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার মশিউর রহমান তাৎক্ষণিক বাবাকে বেডে নিয়ে সেলাইন পুশ করেন। কিছুক্ষণ পর সেলাইনের সঙ্গে তিনটি ইনজেকশন দেন। তখনই বাবার খিঁচুনি উঠে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় মৃত্যু গোপন রেখে ডাক্তার মশিউর রহমান বাবাকে অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করার পরামর্শ দিয়ে একটি কক্ষে গিয়ে লুকিয়ে থাকেন।
জানা গেছে, ছায়েদ আলির মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে গিয়ে চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন। পরে হাসপাতালের বেশ কয়েকটি কক্ষের দরজার ও তালা ভেঙে অভিযুক্ত ডাক্তারকে আটক করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত ডাক্তারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অভিযুক্ত ডাক্তারসহ তিনজনকে আটক করা হলেও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করতে রাজি না হওয়ায় গতকাল শনিবার দুপুরে ছেড়ে তাকে দেওয়া হয়েছে।