যশোরে করোনা

হাসপাতালে বাড়ছে ১০০ শয্যা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর সদর উপজেলার হাসপাতালগুলোয় করোনা রোগীদের চিকিৎসায় আরও ১০০ শয্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শহরের বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে জনতা হাসপাতালে ৩০, ইবনে সিনায় ২০, নোভা মেডিকেল সেন্টার ও হসপিটালে ১৫, জেনেসিস হাসপাতালে ১৫, আধুনিক হাসপাতালে ১০ ও কুইন্স হসপিটালে ১০টি শয্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে ৭২০ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ।