সেরাটা দিতে পারলে আমরাই জিতব: সাইফ হাসান

নিজেদের মাটিতে জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশকে বরাবরই কঠিন পরীক্ষা দিতে হয়েছে জিম্বাবুয়েতে। বাংলাদেশ টেস্ট দলের তরুণ সদস্য সাইফ হাসানও তাই জিম্বাবুয়েকে তাদের মাঠে সমীহই করছেন। তবে তার বিশ্বাস জিম্বাবুয়েতে সেরাটা দিতে পারলে রেজাল্ট নিজেদের পক্ষেই থাকবে।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে টাইগারদের মাঠের লড়াই। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

টেস্ট শুরুর আগে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। শনিবার প্রথম দিনে ব্যাটাররা বেশ ভালো সময় পার করেছেন। সাইফ খেলেন ৬৫ রানের ইনিংস। ১০৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। পুরো ৯০ ওভার ব্যাট করে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩১৩।

দিনের খেলা শেষে বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সাইফ বলেন, ‘প্রস্তুতি ম্যাচ সব সময়ই আমরা আত্মবিশ্বাসের জন্য খেলি। উইকেট আমার মনে হয় প্রথম ৮-১০ ওভার পেসারদের জন্য কিছুটা সহায়ক ছিল। এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। অলওভার খুব ভালো হয়েছে। খুব ভালো প্রিপারেশন হলো আমাদের। আশাকরি এটা মূল ম্যাচে কাজে লাগবে।’

জিম্বাবুয়েতে প্রথমেই টেস্টের লড়াই। তবে ক্রিকেটাররা সদ্য ঘরোয়া যে টুর্নামেন্ট খেলেছে, সেটি ছিল টি-টোয়েন্টি। সাইফ বিষয়টিকে চ্যালেঞ্জ বললেও দ্রুত মানিয়ে নেওয়ার তাগিদ দিচ্ছেন।

বলছিলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এই জিনিসটা আমাদের দ্রুত মানিয়ে নেওয়া উচিত। আমরা শেষ যে টুর্নামেন্ট খেলেছিল (ডিপিএল), সেটা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল। এখানে দীর্ঘ পরিসরের ম্যাচ। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সেই সঙ্গে এর সাথে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।’

মূল সিরিজ নিয়েও বেশ ইতিবাচক সাইফ, ‘জিম্বাবুয়ে ওদের হোম কন্ডিশনে সব সময়ই ভালো খেলে। আমার মনে হয়, আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, ইনশা আল্লাহ রেজাল্ট আমাদের পক্ষে আসবে। আমাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে, যারা জাতীয় দলে দীর্ঘদিন খেলছেন। আমরা যদি আমাদের প্রসেসে থাকি, আমাদের সেরাটা দিই, রেজাল্ট আমাদের পক্ষে থাকবে।’