পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা

রাজধানীর আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ভাদাইল এলাকায় আবদুল লতিফ ভা-ারীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে হাজারীবাগ বউবাজার এলাকায় অভিযান চালিয়ে  রুবেল (২৫) নামে এক যুবককে আটক করে র‌্যাব। নিহত জয়নাল আবেদীন পেশায় একজন রিকশাচালক আর অভিযুক্ত রুবেল একজন নির্মাণশ্রমিক।

গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব-১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. মো. আবদুর মুত্তাকিম জানান, ষাট বছর বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন জয়নাল। ভবিষ্যৎ বিপদে-আপদের জন্য প্রতিবেশী রুবেলের কাছে কিছু টাকা জমা রাখেন। গত বৃহস্পতিবার দুপুরে রুবেলের কাছে পাওনা টাকা চাইতে এলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নালকে বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশ খাটের নিচে রেখে কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যায় রুবেল। পরে অনেক খোঁজাখুঁজির পর রুবেলের কক্ষে জয়নালের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তার পরিবারের সদস্যরা। এরপর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।