পঞ্চগড়ে করোনায় বিজিবি সদস্যের মৃত্যু

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার জেলার বোদা উপজেলার জামাদারপাড়ার নিজ বাসভবন থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তার বাড়ি বোদা উপজেলার পৌরসভা এলাকার জামাদার পাড়া গ্রামে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু জানান, আবুল হোসেন দশদিন থেকে জ্বর ও শরীরের ব্যথায় ভুগছিলেন। গত ২৭ জুন তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। সেখানে তার করোনা পজিটিভি শনাক্ত হয়। পরে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বাড়ি থেকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।